
খেলার সুস্থ পরিবেশ তৈরির পাশাপাশি মূল দলের পাইপলাইন সমৃদ্ধ করার লক্ষ্যে ১২ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে বাফুফে অনূর্ধ্ব ১৮ ফুটবল টুর্নামেন্ট। ১২টি দল ৪টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে টুর্নামেন্টে। গ্রুপ অব ডেথে আছে ঢাকা আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংস। বয়সভিত্তিক এই টুর্নামেন্টে বয়স না লুকিয়ে স্বচ্ছ ফুটবল খেলার আহ্বান বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর।
একটি দেশের ফুটবলকে এগিয়ে নিতে সবার আগে প্রয়োজন সে দেশের বয়সভিত্তিক দলের উন্নতি। সে লক্ষ্যেই এগুচ্ছে বাংলাদেশের ফুটবল। প্রিমিয়ার লিগে খেলা দলগুলোর অনূর্ধ্ব ১৮ ফুটবল দলের অংশগ্রহণে এবার টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাফুফে। যেখানে ৪টি গ্রুপে ভাগ হয়ে ১২ টি দল অংশ নেবে টুর্নামেন্টে।
প্রথম পর্ব হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা বাফুফের। সময় সল্পতার কারণে শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়ামেই অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। এছাড়া বয়সভিত্তিক টুর্নামেন্টে বয়স লুকানোর একটা প্রবণতা আছে দেশের ফুটবলে। দেশের ফুটবলের স্বার্থেই এ ধরণের কর্মকান্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান বাফুফের সিনিয়র সহ-সভাপতি ।
টুর্নামেন্টে সবচেয়ে কঠিন গ্রুপটি হয়েছে সি গ্রুপ। এই গ্রুপে একই সঙ্গে লড়বে ঢাকা আবাহনী, মোহামেডান ও বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জিং হবে, তবে সব কিছু ছাপিয়ে ভালো ফুটবল খেলাটাই লক্ষ্য থাকবে সবগুলো দলের। পেশাগত অনেক ফুটবলার বেরিয়ে আসবে এই টুর্নামেন্টের মাধ্যমে এমনটা প্রত্যাশা অনেকের।
বাংলাটিভি/ এস নূর



