অপরাধআইন-বিচারদেশবাংলাবাংলাদেশ

স্কুল ছাত্রী আত্মহত্যার প্রধান আসামী তামিম খান গ্রেফতার

পিরোজপুরের ভান্ডারিয়ায় বখাটের উৎপাত সইতে না পেরে স্কুলছাত্রী আত্মহত্যার ঘটনায় মামলা দায়ের করেছেন মেয়েটির বাবা মো. রুহুল আমিন মুন্সী।

শনিবার রাতে এ ঘটনায় স্থানীয় মঞ্জু খানের বখাটে ছেলে আরাফ হাসান তামিম খানকে (১৮) প্রধান আসামিসহ ৫ জনকে চিহ্নিত এবং অপর ৪-৫ জনকে অজ্ঞাত দেখিয়ে আত্মহত্যার প্ররোচনা ও ডিজিটাল নিরাপত্তা আইনে ভান্ডারিয়া থানায় তিনি মামলা দায়ের করেন।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়ীয়া সার্কেল মো. হাসান মোস্তফা স্বপনের নেতৃত্বে পিরোজপুর ডিবি পুলিশ ও ভান্ডারিয়া থানা পুলিশ শনিবার সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে স্থানীয় জোমাদ্দার বাড়ি থেকে এ মামলার প্রধান আসামি তামিম খানকে গ্রেপ্তার করে।

১০ দিনের রিমান্ড চেয়ে রোববার  তাকে  বিচারিক আদালতে তোলা হলে পিরোজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১ম আদালত) মো. মেহেদি হাসান ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ভান্ডারিয়া উপজেলার বখাটে তামিম খান স্কুলছাত্রী রূপাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। রূপা তা প্রত্যাখ্যান করায় এবং এর প্রতিবাদ করলে ওই বখাটে একটি নগ্ন ছবির সঙ্গে রূপার ছবি জুড়ে দিয়ে সামাজিক সাইটে এবং ম্যাসেঞ্জারের ছড়িয়ে দেয়। এতে রুপা ও তার পরিবার চরম বিব্রতকর অবস্থায় পড়ে। শুক্রবার দিনগত রাতে মেয়েটি ক্ষোভে ও লজ্জায় ঘরে থাকা ঘুমের ওষুধসহ বিভিন্ন ধরনের ওষুধ সেবন করে আত্মহত্যা করে। সে স্থানীয় বন্দর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

 

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button