
ফিফার বর্ষসেরা ফুটবলারের তালিকায় আছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ফন ডাইক। সংক্ষিপ্ত তালিকায় এবারো জায়গা হয়নি ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমারের।
ফিফা ২০১৯ সালের দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ারের জন্য নিজেদের ওয়েবসাইটে এই সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়।
গতবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতা রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচের সেরা দশে জায়গা হয়নি। বার্সেলোনাকে লা লিগা জেতাতে মেসির গত মৌসুমটাও দারুণ কেটেছে। কাতালান ক্লাবটির চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ও কোপা দেল রের ফাইনালেও ওঠাতেও ছিলো বড় অবদান।
লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করার সঙ্গে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। চ্যাম্পিয়ন্স লিগেও করেন সর্বোচ্চ ১২ গোল। জুভেন্টাসের হয়ে প্রথম মৌসুমটা রোনালদোর বেশ ভালো কেটেছে। দলের টানা অষ্টম সিরি আ শিরোপা জয়ে রাখেন বড় অবদান। লিগে ২১টি এবং সব প্রতিযোগিতা মিলে ক্লাবের হয়ে সর্বোচ্চ ২৮ গোল করেন তিনি।
লিভারপুলের রক্ষণভাগের মূল ভরসা ছিলেন ফন ডাইক। তিনি গত মৌসুমে ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হন। পাশাপাশি ইংলিশ প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও পান এই ডাচ ফুটবলার। নেদারল্যান্ডসকে উয়েফা নেশন্স লিগের ফাইনালে তুলতেও বড় অবদান রাখেন ফন ডাইক।



