মক্কায় ডোবা থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার

সৌদি আরবের মক্কায় ওয়াদি রেহেজান এলাকার একটি ডোবা থেকে জসিম উদ্দিন নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।
জসিম উদ্দিনের বাড়ী, চট্টগ্রামের লোহাগড়া উপজেলার চরম্বা ইউপির গাজালিয়া পুকুরপাড় গ্রামে। তার পিতার নাম মোজাহার সওদাগর। নিহতের স্বজনরা জানিয়েছে, ওয়াদি রেহেজান এলাকায় সৌদি মালিকের কৃষি খামারে, একই ইউনিয়নের ৭ থেকে ৮ জন বাংলাদেশি কাজ করতেন।
গত শুক্রবার কাজ শেষে বাসায় ফেরার পর, জসিমের সাথে কয়েকজনের কথা কাটাকাটির এক পর্যায়ে, লাঠি দিয়ে মাথায় আঘাত করলে, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে জসীমের মরদেহ পাশের ডোবায় ফেলে, তারা পালিয়ে যায়।
তিনদিন পর রোববার বিকেলে গোপন সংবাদ পেয়ে ডোবা থেকে জসিমের লাশ উদ্ধার করে পুলিশ। বর্তমানে তার মরদেহ মক্কা কিং আব্দুল আজিজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ভাগ্য পরিবর্তনের আশায় মাত্র আড়াই মাস আগে সৌদি গিয়েছিলেন এই রেমিটেন্স যোদ্ধা।
বাংলাটিভি/ সৌরভ নূর



