বিশ্ববাংলা
স্লোভাকিয়ার জঙ্গল থেকে নিখোঁজ এক বাংলাদেশি

দালালের মাধ্যমে অবৈধভাবে ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার পথে, স্লোভাকিয়ার জঙ্গল থেকে নিখোঁজ হয়েছেন সিলেটের ফরিদ উদ্দিন আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছে তার পরিবার।
ফরিদ উদ্দিন আহমেদ সিলেটের বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের সমশাদ আলীর ছেলে। তার সহযাত্রীরা জানিয়েছে, দালাল ও ৫ যাত্রীসহ ফ্রান্স যাওয়ার উদ্দেশ্যে গত ২ আগস্ট ইউক্রেন থেকে পায়ে হেঁটে যাত্রা করেন তারা। পথিমধ্যে স্লোভানিয়ার একটি জঙ্গলে নিখোঁজ হয়ে যান ফরিদ।
গত সোমবার ফরিদ ছাড়া সকলেই ফ্রান্স প্রবেশ করেন। ফরিদ উদ্দিনের ছোট ভাই আলাউদ্দিন জানান, ২০১৮ সালে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ দেখতে রাশিয়া যান ফরিদ। খেলা শেষ হওয়ার মাস খানেক পর, তিনি রাশিয়া থেকে ইউক্রেন পৌঁছান। সম্প্রতি ইউক্রেন থেকে ফ্রান্স যাওয়ার জন্য, বাংলাদেশে থাকা দালালের সাথে চুক্তি করে তার পরিবার।



