’অর্থনীতির সুফল পেতে ভারত মহাসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান’

সুনীল অর্থনীতির সুফল পেতে সম্মিলিতভাবে সমুদ্র সম্পদের টেকসই ব্যবস্থাপনায় কাজ করতে ভারত মহাসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘ ইন্ডিয়ান ওশান রিম এসোসিয়েশন- আইওআরএ ব্লু ইকোনমি বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে তিনি এ আহ্বান জানান। এসময় জলবায়ু পরিবর্তন মানবজাতিকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্ভাবনাগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে টেকসই সমুদ্র অর্থনীতিকে উৎসাহিত করার লক্ষ্যে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজন করা হয় ব্লু ইকোনমি মিনিস্টেরিয়াল কনফারেন্সের। সকালে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সমুদ্রের তলদেশের অব্যবহৃত সম্পদ ব্যবহার করে এ অঞ্চলের টেকসই উন্নয়ন সম্ভব।
শেখ হাসিনা আরো বলেন, মানুষ্য সৃষ্ট নানা কারণে আজ সমুদ্রের স্বাভাবিক পরিবেশ হুমকির মুখে, এ বিষয়ে সবাইকে আরো সচেতন হতে হবে।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন -আইওআরএ এর আয়োজনে এ সম্মেলনে বিশ্বের ৩১ দেশের মন্ত্রী, উপমন্ত্রী, সচিবসহ উচ্চপর্যায়ের শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন।



