
২০১৯-২০ অর্থবছরে ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। দুপুরে এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম। বাজেটে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে গেল বছরের চেয়ে ১২৮ শতাংশ এবং মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতির ক্ষেত্রে ২৫ শতাংশ বরাদ্দ বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
মুজিব বর্ষ, ভিশন ২০৪১ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে সামনে রেখে নবম বারের মত বাজেট ঘোষণা করলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এ বাজেট মেয়র হিসাবে দায়িত্ব গ্রহণের পর প্রথম এবং চলতি মেয়াদেরও শেষ বাজেট।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১ হাজার ১০৬ কোটি ৪০ লাখ টাকা। অন্যান্য আয় ধরা হয়েছে ৯ কোটি টাকা। সরকারি অনুদান থেকে ১০০ কোটি এবং সরকারি বিশেষ অনুদান থেকে ১ হাজার ৫৬৪ কোটি ৬৪ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় ধরা হয়েছে ৩ হাজার ৫৭ কোটি ২৪ লাখ টাকা ।
অন্যদিকে, প্রস্তাবিত বাজেটে ২০১৯-২০ অর্থবছরের জন্য রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৫৫১ কোটি ৪০ লাখ টাকা। অন্যান্য ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৩৩৫ কোটি ৭৪ লাখ টাকা। নিজস্ব উৎস ও সরকারি অনুদান থেকে ধরা হয়েছে ৭৭১ কোটি ১০ লাখ টাকা এবং সরকারি বা বৈদেশিক সাহায্য খাত থেকে ধরা হয়েছে ১ হাজার ৫’শ ৬৪ কোটি ৬৪ লাখ টাকা।
এ সময় আগামী বর্ষা মৌসুমে নগরবাসীর চলাচলের সুবিধার জন্য সড়কের উন্নয়ন কাজ আগেই করা হবে বলে জানান মেয়র। আউটসোর্সিং-এর মাধ্যমে মশা নিধনের পাশাপাশি, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
এ সময়, নগরবাসীর নিরাপত্তায় প্রত্যেক এলাকা এলইডি লাইটের আওতায় আনা হবে বলেও জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম।



