
দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়েছে। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনমনে। তবে ভিন্ন চিত্র ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে।
ঝিনাইদহে গত ২৪ ঘন্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ৮ জন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন ও কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি হয়েছেন ১ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯ জন। এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মানিকগঞ্জে এক স্কুলছাত্রী মারা গেছে।
এছাড়া মেহেরপুর,কিশোরগঞ্জের ভৈরবসহ দেশের বিভিন্নস্থানে কমছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে অপরিবর্তিত রয়েছে যশোরের ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরীক্ষা-নিরীক্ষা শেষে আক্রান্তদের আলাদা ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।



