
মাসুদ সুমন, ঢাকা : আজ ১০ই মহরম, পবিত্র আশুরা। কারবালার আত্মত্যাগের ঘটনাসহ ইসলামের ইতিহাসে নানা কারণে দিনটি মোসলমানদের কাছে তাৎপর্যপূর্ণ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিনটি পালিত হচ্ছে। বরাবরের মতো এবারো পুরাণ ঢাকার হোসেনি দালান থেকে বের করা হয় তাজিয়া মিছিল। ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে রাজধানীর জিগাতলায় গিয়ে মিছিলটি শেষ হয়।
কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে হজরত ইমান হোসাইন (রাঃ) শহিদ হওয়ার হৃদয়বিদারক ঘটনাকে স্মরণ করে প্রতি বছরের মতো এবারো রাজধানীর পুরাণ ঢাকার হোসনি দালান থেকে বের করে তাজিয়া মিছিল।
হত্যাকারিদের প্রতি ঘৃনা আর সেদিন কারবালায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছর এই দিনে লাল কালো নিশান উড়িয়ে শোকাবহ আবহ তৈরি করাই এই মিছিলের মূল উদ্দেশ্য বলে জানান শিয়া সম্প্রদায়ের অনুসারীরা।
মিছিলে আগত এক অনুসারী জানান, শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) এর আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে থাকবে এমন প্রত্যাশা আমাদের।
মিছিলে অংশ নেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। আর এই মিছিল ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলাবাহিনী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়ায় আমরা আশুরার সকল আয়োজন শেষ করতে পারবো বলে আমরা আশা রাখি এবং সে অনুযায়ী প্রস্তুত আছি।
বাংলাটিভি/ এসনূর



