
হাকিম মোড়ল, ঢাকা : রাজধানী ঢাকাকে সন্ত্রাসমুক্ত নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে পুরো শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন বিশেষ ক্যামেরা স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আর জনদুভোর্গ কমাতে সারাদেশের সব থানাকে অনলাইন জিডি আওতায় নিয়ে আসা হবে বলে জানান তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আয়তন আর জনসংখ্যা দু’দিক থেকেই ধীরে ধীরে বড় হচ্ছে রাজধানী ঢাকা। একই সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি, অপরাধ, অপকর্ম আর দুর্ঘটনা। রাজধানীর নিরাপত্তায় নানা পরিকল্পনা সরকারের, ডিএমপিও নিচ্ছে নানা পদক্ষেপ। এবার রাজধানীর নিরাপত্তায় যুক্ত হচ্ছে আরো আধুনিক প্রযুক্তি।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল কেইস ডায়েরির ওপর পর্যালোচনা সভায় জানানো হয় ৯৯৯ এ এ পর্যন্ত এক কোটি ৪২ লাখ মানুষ কল দিয়েছে। এখন রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা স্থাপন করার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী, তুলে ধরেন এর কার্যকারিতাও।
কারাগারে বন্দিদের সঙ্গে ফোনে আত্মীয়-স্বজনের কথা বলার জন্য ‘স্বজন’ নামের সেবা টাঙ্গাইল কারাগারে সফল হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।



