আন্তর্জাতিক
মালয়েশিয়ায় ৩৯ অবৈধ অভিবাসীকে আটক

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৩৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। দেশটির ক্যামেরুন হাইল্যান্ডের প্রায় ৭টি সবজি ও ফুলের বাগানে অভিযান চালিয়ে, তাদের আটক করা হয়।
অভিযান শেষে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক ইনদিরা খায়রুল দাজায়মি আবু দাউদ বলেন, সবজি বাগানগুলোতে বেশিরভাগই অবৈধ অভিবাসী শ্রমিক রয়েছে।
আটককৃতদের মধ্যে ১২ জন বাংলাদেশি ছাড়াও ১৭ জন ভারতীয়, ৮ জন মিয়ানমার ও ২ জন নেপালি নাগরিক রয়েছেন। দেশটির দুর্নীতি দমন কমিশনের সঙ্গে পুত্রাজায়া ইমিগ্রেশন বিভাগের ২৪ জন কর্মকর্তা অভিযানে অংশ নেন।
অভিযান পরিচালনার সময়, আটককৃতদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বলে জানান অভিবাসন বিভাগের মহাপরিচালক।



