ক্রিকেটখেলাধুলা

ঘরের মাঠে শিরোপা জিততে প্রস্তুত টাইগাররা

মোহাম্মদ হাসিব : ত্রিদেশীয় টি- টোয়েন্টি সিরিজের ফাইনালে কাল বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। ঘরের মাঠে শিরোপা জিততে হলে নিজেদের শতভাগ নিংড়ে খেলতে হবে বলে জানান স্বাগতিকদের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ। অন্যদিকে, দূর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তান, আসরে শেষ দুইটি নিয়মরক্ষার ম্যাচে হারলেও, কোনো চাপ নেই বলে জানান অধিনায়ক রশিদ খান।

ওয়ানডে ক্রিকেটে গত কয়েক বছর ধরে বাংলাদেশ দল সামর্থ্যের ছাপ রাখলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে পারেনি বড় কিছু করতে। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক ফাইনালে হারের বেদনায় নীল হওয়া টাইগাররা, আনন্দে মাতার উপলক্ষ পেয়েছিলো বিশ্বকাপের ঠিক আগে। ডাবলিনের পর এবার দেশের মাটিতে, শিরোপা দিয়ে আসর রাঙানোর সুযোগ সাকিবদের।

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গ বলেন, টুর্নামেন্টে বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফটা ধীরে ধীরে ওপরের দিকে উঠেছে। তবে আমাদের এখনো ভালো খেলার জায়গা রয়েছে। সিরিজের শেষ ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিতে পারলে, জয় পাওয়া সম্ভব।

মিস্টার ডিপেন্ডেবল খ্যাত ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বিকল্প না থাকলেও উইকেটরক্ষক হিসেবে তার পারফরম্যান্সের দিকে আঙ্গুল উঠেছে বেশ কয়েকবার। প্রশ্ন উঠেছে লিটন দাসের মতো কিপার থাকতেও কেনো গ্লাভস হাতে মুশিকেই বেছে নিচ্ছে টিম ম্যানেজমেন্ট।

সংবাদ সম্মেলনে যুক্তি দিলেন প্রধান কোচ ডোমিঙ্গ এই প্রসঙ্গে বলেন, এই মুহূর্তে কিপার বদলানোর সম্ভাবনা নেই। লিটন মাঠে যেভাবে নিজেকে মেলে ধরেছে, আমরা তাতে সন্তুষ্ট। সে মুশির চেয়ে ভালো ফিল্ডার।

মাঠের লড়াইয়ের আফগানিস্তানের ছক জানার চেয়েও, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অধিনায়ক রশিদ খানের ইনজুরি। ফাইনালে খেলতে কি পারবেন তিনি? এখনো নিশ্চিত নন আফগানদের এই কাণ্ডারী।

তবে রশিদ খান জানান, এই মুহূর্তে কিছুই বলতে পারছি না। গত দু’দিন হ্যামস্ট্রিং নিয়ে অনেক কাজ করেছি। আশা করছি এটা কাজ দেবে। ম্যাচের দিন নিশ্চিত হওয়া যাবে খেলতে পারবো কি না।

 মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই দল।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button