‘বিএনপির দাবির সাথে চিকিৎসকদের মতামতের সঙ্গতি নেই’

গাজীপুর প্রতিনিধি : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়া যদি জামিন পান এবং ডাক্তারদের পরামর্শে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মত অবস্থা থাকে, তা পরবর্তীতে বিবেচনা করা হবে। তবে বিএনপির দাবির সাথে চিকিৎসকদের মতামতের কোন সঙ্গতি নেই বলেও মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকালে গাজীপুরের কালিয়াকৈর খাড়াজোড়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের উন্নয়ন কাজ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী বলেন, বেগম জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপির এমপিরা আমাদের সঙ্গে কথা বলে, বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে বিবেচনার দাবি করেছেন। উচ্চপর্যায়ে জানানো হয়েছে, তবে এ বিষয়ে কোন সাড়া পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, চলমান দুর্নীতিবিরোধী অভিযান কোনো ব্যক্তি গোষ্ঠী বা দলের বিরুদ্ধে নয়, এটি অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে অভিযান।
দুর্বৃত্তদের চক্র ভেঙে দিতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উদ্যোগ গ্রহণ করেছেন শুরু করা হয়েছে ঘর থেকে। যারাই অপরাধী সেটা ঢাকা হোক অথবা দেশের যে কোনো জায়গায় হোক সারা বাংলাদেশের যে কোন অপকর্মকারি, সেখানে দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি, লুটপাট টেন্ডারবাজি সেখানেই এই অভিযান চলবে। প্রধানমন্ত্রী দিল্লি যাওয়ার আগে বলে গিয়েছেন এই অভিযান শিথিল হবে না।
খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে মন্ত্রী আরো বলেন, আমার মনে হয় এখানে যেমন মানবিক বিষয়টি দেখতে হবে একইভাবে এখানে একটি আইনগত বিষয় রয়েছে। আইনগত বিষয়টি সরকারের হাতে নেই। তিনি যদি জামিন পান এবং চিকিৎসকদের পরামর্শে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার মত অবস্থা থাকে এবং সেই পর্যায়ে তার অবস্থার অবনতি ঘটে সেটা পরবর্তীতে বিবেচনা করা যাবে।
পরিদর্শনকালে মন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথের ঢাকা বিভাগীয় তত্ত্বাবধায়ক সবুজ উদ্দিন খান, গাজীপুরের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিন, জেলা পুলিশ সুপার শামসুন্নাহার এবং সড়ক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।



