যুবলীগের কংগ্রেস নিয়ে তৃনমূলের ভাবনা

যুবলীগের সপ্তম কংগ্রেসের মাধ্যমে সৎ যোগ্য ত্যাগী ও মেধাবী ও কর্মীবান্ধব নেতারা নেতৃত্বে আসবেন, এমনটাই মনে করছেন সংগঠনটির তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা।
যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির প্রাণের এই সংগঠন বাঁচাতে দু:সময়ের কাণ্ডারি হিসেবে যোগ্য নেতাদেরই বেছে নেয়া হবে বলে আশা প্রকাশ করেন তারা। যুবলীগের কংগ্রেস সামনে রেখে তৃনমূলের ভাবনা।
আওয়ামী লীগের অন্যতম অঙ্গসংগঠন যুবলীগের একশ্রেণির নেতার দুর্নীতি নিয়ে আলোচনা এখন মুখে মুখে। সংগঠনটির কর্মকাণ্ডে ক্ষুব্ধ দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ঘোষণা দেন নতুন কাউন্সিলের।
এ নিয়ে রোববার গণভবনে প্রধানমন্ত্রী আলোচনা করেন যুবলীগের নেতাদের সাথে। তবে ওই বৈঠকে ছিলেন না সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীসহ বিতর্কিত কয়েক নেতা।
পরে সভার সিদ্ধান্তের কথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিকে, দীর্ঘ দিন পর সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল নিয়ে খুশি তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা। তাদের বিশ্বাস এই কংগ্রেসের মধ্য দিয়ে যোগ্যরাই আসবে নেতৃত্বে।
নতুন নেতৃত্বের হাত ধরে যুবলীগ আবারো তার হারানো ঐতিহ্যে ফিরে পাবে বলেও মনে করেন তারা।
বুলবুল আহমেদ/ বাংলা টিভি



