‘যতদিন প্রয়োজন নুসরাতের পরিবারকে নিরাপত্তা দেয়া হবে’

নুসরাতের পরিবারের নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন, আইনমন্ত্রী আনিসুল হক। যতদিন প্রয়োজন পরিবারটিকে নিরাপত্তা দেয়া হবে বলেও এ সময় জানান তিনি।
শুক্রবার সকালে নিজ বাসভবনে, নুসরাত হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
বৃহস্পতিবার দেশব্যাপী আলোচিত নুসরাত হত্যার রায়ের পর থেকে নিরাপত্তা নিয়ে শঙ্কিত নুসরাতের পরিবার। এমন পরিস্থিতিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা জোরদারের দাবি করেন মামলার বাদী ও নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান।
আলোচিত এ হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়া জানাতে, শুক্রবার সকালে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন, আইনমন্ত্রী আনিসুল হক।
এ সময়, নুসরাতের পরিবারকে কোনো কুচক্রি মহল হুমকি দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
এ রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে দাবি করে, উচ্চ আদালতেও এর দ্রুত নিষ্পত্তি হবে বলে আশা ব্যক্ত করেন আইনমন্ত্রী। দেশ এখন বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।
আরমান কায়সার / বাংলা টিভি



