আওয়ামী লীগরাজনীতি

ক্যাসিনোকান্ডে ৫ এমপির জড়িত থাকার অভিযোগ

সরকারদলীয় ক্যাসিনোকান্ডে জড়িত ও নানা অপকর্মে অভিযুক্তদের অবৈধ সম্পদের খোঁজখবর নিতে শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ এমপির বিরুদ্ধে আনা হয়েছে ক্যাসিনোকান্ডে জড়িত থাকার অভিযোগ।

এদের মধ্যে এমপি এবং জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী, ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন, সুনামগঞ্জ-১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। বরিশাল-৪ আসনের এমপি পঙ্কজ দেবনাথকে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এর মধ্যে রাশেদ খান মেননের নামও আসছে বারবার।

অভিযুক্তদের বিরুদ্ধে ইতোমধ্যে ব্যাংক হিসাব তলব ও একই সঙ্গে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুদক।

এদিকে, দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার জানিয়েছেন, ক্যাসিনো ব্যবসায়ীদের সম্পদ ও অর্থ পাচারের বিষয়ে অনুসন্ধানে এখন পর্যন্ত ৪৩ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ১৮ সেপ্টেম্বর ক্যাসিনো ও দুর্নীতিবিরোধী অভিযান শুরু হলে ক্যাসিনো ও টেন্ডারবাজিতে জড়িত যুবলীগের কয়েকজন নেতাকে গ্রেফতারের পর বেশ কয়েকজন এমপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতার সম্পৃক্ততার কথা ওঠে আসে। এরপরই প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ‘অপরাধী যেই হোক ছাড় পাবে না, আইন তার নিজের গতিতে চলবে’।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button