‘সেচ্ছাসেবক লীগে যোগ্য ও তারুণ্যদীপ্ত নেতৃত্ব আসবে’

১৬ নভেম্বরের জাতীয় কাউন্সিল সামনে রেখে জোর প্রস্তুতি নিচ্ছে আওয়ামী সেচ্ছাসেবক লীগ। সম্মেলন সফল করতে গঠন করা হয়েছে ১৩টি উপকমিটি। অন্যদিকে, আগামীতে সৎ যোগ্য ও তারুণ্যদীপ্ত নেতৃত্ব দায়িত্বে আসবেন বলে আশা করছেন সংগঠনটির নেতারা।
১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে প্রতিষ্ঠা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বর্তমানে আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সহযোগী হিসেবে প্রমাণ রেখে চলেছে সংগঠনটি। তবে দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করে এলেও সাম্প্রতিক ক্যাসিনো কাণ্ডে নাম উঠে আসায় সংগঠনটির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয় বর্তমান সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও সাধারণ সম্পাদক পংকজ দেবনাথকে।
এদিকে, জাতীয় সম্মেলন সফল করতে দায়িত্ব পড়ে বর্তমান কমিটির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার ওপর। তাদের প্রত্যাশা, দুঃসময়ের কাণ্ডারি এবং যোগ্য ও পরীক্ষিতরাই আসবেন শেখ হাসিনার হাতেগড়া এ সংগঠনের নেতৃত্বে।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম জানান, ক্লিন ইমেজ ও রাজপথের লড়াকু নেতারাই এর নেতৃত্বে আসবেন।
আগামীর নেতারা অপকর্মে না জড়িয়ে, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবেন এমনটাও প্রত্যাশা, সংগঠনটির এই প্রতিষ্ঠাতা সভাপতির।
বুলবুল আহমেদ / বাংলা টিভি



