‘ব্যবসায়ীদের দোষে পোশাক খাতে নেতিবাচক প্রভাব’

ব্যবসায়ীদের দোষে তৈরি পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গার্মেন্টস শিল্পের বিদ্যমান বিভিন্ন সমস্যা নিয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা শেষে তিনি এ কথা বলেন।
টিপু মুনশি বলেন, স্থানীয় ব্যবসায়ীরা নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে কাজ পাওয়ার জন্য কম দামে পণ্য বিক্রয় করছে। যার প্রভার পড়ছে মোট রপ্তানি আয়ের ওপর।
তিনি আরো জানান, এ খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে যা এনবিআর চেয়ারম্যান ও অর্থসচিব সমস্যাগুলোর বিষয়ে শুনেছেন। সে সমস্যাগুলো সমাধানে তারা কাজ করবে।
এ সময় অর্থসচিব আব্দুর রউফ তালুকদার, বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দিন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া, এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ’র সভাপতি রুবানা হকসহ গার্মেন্টস শিল্পের ব্যবসায়ী নেতারা ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



