
ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দুই দফা জানাযা অনুষ্ঠিত হয়েছে রাজধানীতে। সর্বস্তরের মানুষ তার জানাযায় অংশ নেন।
দেশের মাটিতে প্রথম জানাযা হয় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। নয়াপল্টনের দলীয় কার্যালয়ে হয় তার দ্বিতীয় দফা জানাযা।
এর আগে বৃহস্পতিবার সকালে নিউইয়র্ক থেকে ঢাকা আনা হয় তার মরদেহ। গোপীবাগ ও গেন্ডারিয়ায় আরো দুই দফা জানাযা শেষে তাকে সমাহিত করা হবে জুরাইন কবরস্থানে।
বৃহস্পতিবার সকাল ৮টা ২৬ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ঢাকার সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার মরদেহ। মির্জা আব্বাসসহ বিএনপি নেতারা তার মরদেহ গ্রহণ করেন।
পরে তার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়। দেশে আনার পর অনুষ্ঠিত হয় প্রথম জানাজার নামাজ। বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা জানাযায় অংশ নেন সেখানে।
এরপর সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হয় শহীদ মিনার প্রাঙ্গনে। এসময় সৃষ্টি হয় আবেগঘন পরিবেশের।
সাদেক হোসেন খোকার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তার স্মৃতির কথা স্মরণ করেন ও শ্রদ্ধা জানান উপস্থিত ব্যক্তিরা।
এর আগে, গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় নিউইয়র্কে মারা যান সাদেক হোসেন খোকা। তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬৭ বছর।
আরমান কায়সার / বাংলা টিভি



