৯৪ ভাগ মানুষ মানসিক রোগে ভুগছেন, ভবিষ্যৎ উদ্বেগের

দেশে বর্তমানে শতকরা ৯৪ ভাগ মানুষ মানসিক রোগে ভুগছেন। তবে তারা সামাজিক প্রতিবন্ধকতার কারণে চিকিৎসকের কাছে যেতে পারছেন না। এটিকে একটি উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
৭ নভেম্বর রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশের অডিটোরিয়ামে ‘জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ, বাংলাদেশ: ২০১৮-১৯’ প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানসিক স্বাস্থ্য বিষয়ে দেশের সাধারণ জনগণ এখনও কুসংস্কারমুক্ত নয়। যে কারণে ৯৪ শতাংশ রোগীই চিকিৎসার আওতায় আসে না।
ফলে বহুসংখ্যক মানুষ মানসিক সমস্যা নিয়েও স্বাভাবিকভাবে চলাফেরা করার চেষ্টা করে। এটি অবশ্যই ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগের বিষয়। আর তাই সরকার দৈহিক স্বাস্থ্যের ন্যায় মানসিক স্বাস্থ্যের প্রতি সমান গুরুত্ব আরোপ করেছে।
তিনি আরও বলেন, তুলনামূলকভাবে ছেলেদের চেয়ে মেয়েরা বেশি মানসিক সমস্যায় ভোগেন। আবার নারীরা এ ক্ষেত্রে চিকিৎসা গ্রহণ করতে একেবারেই চান না। এছাড়াও দেশে প্রতি ১০০ জন শিশুর মধ্যে ১৩ দশমিক ৬ জন মানসিক সমস্যায় ভোগে।
এর মধ্যে ছয়টি শিশু নিউরো-ডেভেলপমেন্ট ডিজঅর্ডার, ৪ দশমিক ৫জন রাগান্বিত হয়ে, ৭ শতাংশ বাবা-মা তাদের সন্তানদের পড়াশোনার খোঁজখবর নেননি ও ২ দশমিক ৫ শতাংশ শিশুর বাবা-মারা কোয়ালিটি টাইম দেননি এবং ২ দশমিক ৭জন না ঘুমিয়ে ও ৩ জন কাছের কোনো বন্ধু না পেয়ে এ সমস্যায় ভোগে বলে জানানো হয়।
এছাড়া, বাংলাদেশের হাসপাতালগুলোতে মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও চিকিৎসা ব্যবস্থাপনা চালু হয়নি। বাংলাদেশে বর্তমানে দুইশত জন সাইকিয়াট্রিস্ট রয়েছেন যা বিশাল জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য রোগের চিকিৎসা দেওয়ার জন্য খুবই অপ্রতুল বলে জানিয়েছে গবেষণাটি।
নূর, বাংলা টিভি



