শনিবার স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল

কৃষক ও শ্রমিক লীগের পর, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় কাউন্সিল। শেষ হয়েছে সকল প্রস্তুতি। এর মাধ্যমে পরিচ্ছন্ন ইমেজের সৎ যোগ্য ও তারুণ্যনির্ভর নেতৃত্ব সংগঠনের দায়িত্বে আসবেন বলে আশা করছেন সংগঠনটির নেতারা।
১৯৯৪ সালের ২৭ জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাদের সমন্বয়ে প্রতিষ্ঠা করেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বর্তমানে যেটি আওয়ামী লীগের অন্যতম শক্তিশালী সহযোগী সংগঠন।
দীর্ঘ দিন পর শনিবার অনুষ্ঠিত হবে এর জাতীয় কাউন্সিল। তাই নেতাকর্মীদের মাঝে দেখা গেছে বাড়তি উত্তেজনা।
জাতীয় সম্মেলন সফল করার দায়িত্ব পড়েছে বর্তমান কমিটির বেশ ক’জন কেন্দ্রীয় নেতার ওপর। তাদের প্রত্যাশা দুঃসময়ের কাণ্ডারি এবং যোগ্যরাই আসবেন শেখ হাসিনার হাতে গড়া এই সংগঠনের নেতৃত্বে।
আর আগামী দিনের নেতৃত্ব প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করবে বলেও মনে করছেন সংগঠনটির তৃণমূলের নেতারা।
স্বেচ্ছাসেবক লীগের আগামীর নেতারা অপকর্মে না জড়িয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করবেন, এমনটাও প্রত্যাশা কেন্দ্রীয় নেতারা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা



