স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু
ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন, সম্পাদক তারিক

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদে নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক পদে আফজালুর রহমান বাবু নির্বাচিত হয়েছেন। আগামি তিন বছরের জন্য তারা সংগঠনের দায়িত্ব পালন করবেন।
এদিকে, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইসহাক মিয়া, সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈম নির্বাচিত হয়েছেন। ঢাকা দক্ষিণ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন, সাধারণ সম্পাদক তারেক সাঈদ নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। এসময় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এর আগে, সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রথম অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের উদ্বোধন করেন।
ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে পথচলা নির্মল রঞ্জন গুহের। ছাত্রজীবনে সরকারি দেবেন্দ্র কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। এরপর ঢাকা জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়কেরও দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও নির্মল রঞ্জন গুহ স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি এবং সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
আফজালুর রহমান বাবু স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি স্কুলজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। গভমেন্ট ল্যাবরেটরি স্কুল ছাত্রলীগের সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদকও ছিলেন তিনি।



