‘কাউন্সিলরদের ভোটেই যুবলীগের নেতৃত্ব নির্বাচিত হবে‘

আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস। ইতোমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি। এর মধ্য দিয়ে সৎ-যোগ্য, মেধাবী আর ত্যাগী নেতারাই সংগঠনটির আগামী দিনের নেতৃত্বে আসবেন বলে আশা করছেন, সকল পর্যায়ের নেতারা।
আর, কাউন্সিলরদের ভোটের মধ্য দিয়েই যুবলীগের পরবর্তী নেতৃত্ব নির্বাচিত হবে বলে জানালেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের সম্মেলন স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।
১৯৭২ সালের ১১ নভেম্বর প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম যুব সংগঠন আওয়ামী যুবলীগ। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুল হক মনি। ধারাবাহিকভাবে সংগঠনটির ছয়টি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক ক্যাসিনো কাণ্ডে জড়িত থাকায় যুবলীগের বেশ কয়জন নেতার নাম আসায় ঘোষণা করা হয় সম্মেলনের নতুন তারিখ।
দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া কংগ্রেস নিয়ে বাড়তি উৎসাহ আর উদ্দীপনা কাজ করছে কর্মীদের মাঝে। সংগঠনটির তৃণমূলের নেতাদের প্রত্যাশা রাজপথের ত্যাগী সৈনিকরাই আসবেন আগামী দিনের যুব লীগের নেতৃত্বে।
এদিকে, কারো ইচ্ছায় নয়, কাউন্সিলদের সমর্থনেই যুবলীগের নেতৃত্ব নির্বাচিত হবে বলে জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংগঠনটির প্রতিষ্ঠাতা শেখ মনির পরিবারের কেউ নেতৃত্বে আসার ইচ্ছা প্রকাশ করলে, তা ভেবে দেখা হবে বলেও জানান তিনি।
বুলবুল আহমেদ, বাংলা টিভি



