‘সভা-সমাবেশ করার সক্ষমতা বিএনপির নেই’

অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার শক্তি বা সক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এসময় ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা তাদের নেত্রীকে কারাগার থেকে মুক্ত করতে ৫০০ কর্মী নিয়ে একটি মিছিল-মিটিং করতে পারেনি। অনুমতি না নিয়ে তাদের সভা-সমাবেশ করার ঘোষণা হাস্যকর।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল তখন তারাও অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করতে পারেনি। সরকারের কাছ থেকে অনুমতি নেওয়া একটি আনুষ্ঠানিক বিষয়।
এছাড়া, নতুন সড়ক পরিবহন আইনের প্রয়োগের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, আইনের প্রয়োগ সহনীয়ভাবে করা হবে। শ্রমিকদের দাবি-দাওয়াও সরকার বিবেচনা করে দেখছে বলেও জানান তিনি।
আসাদ রিয়েল, বাংলা টিভি



