‘সীমান্ত দিয়ে অন্য কেউ ঢুকলে, তাদের বিদায় করা হবে’

দেশের সীমান্ত দিয়ে বাংলাদেশি ছাড়া অন্য কেউ ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
সম্প্রতি কথিত অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে, ভারতের আসামে এনআরসি প্রকাশ এবং কেন্দ্রীয় সংসদে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন পাসের পর, দেশটি থেকে সীমান্ত দিয়ে অনেকে বাংলাদেশে ঢুকে পড়ছে বলে গণমাধ্যম সুত্রে জানা যায়।
এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন দেখে ভারত থেকে ফড়িয়া ধরে এদেশে লোক আসছে। যারা আসছে তারা কাজকর্ম পাচ্ছেন। ভারতের তুলনায় আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো। তবে বাংলাদেশের লোক ছাড়া অন্য কেউ এদেশে ঢুকলে তাদের বিদায় করে দেয়া হবে।
নাগরিকত্ব সংশোধনী আইন পাসের জন্য সংসদে উত্থাপনের সময় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাকিস্তান ও আফগানিস্তানের সঙ্গে বাংলাদেশের নাম উল্লেখ করে তিনি বলেন, এসব দেশে সংখ্যালঘু তথা অমুসলিমরা নির্যাতনের শিকার হয়েছেন।
সেই নির্যাতিত সংখ্যালঘুদের ভারত আশ্রয় ও নাগরিকত্ব দেবে, সেজন্য নাগরিকত্ব সংশোধনী আইন করা হয়েছে। অমিত শাহর এ অভিযোগ নাকচ করে দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।



