শুরু হয়েছে আ. লীগের সম্মেলন, শনিবার কমিটি ঘোষণা

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেল তিনটা ১০ মিনিটে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন দলীয় প্রধান শেখ হাসিনা।
এসময় সম্মেলনস্থলে প্রবেশের জন্য তৈরি পাঁচটি গেটের মধ্যে ভিআইপি গেট ছাড়া বাকি সবগুলোই আগেই খুলে দেয়া হয়। তবে, সম্মেলনের উদ্দেশে আগত নেতাকর্মীরা নিরাপত্তা ও তল্লাশি চৌকি পার করে অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন।
এর আগে, সম্মেলনকে ঘিরে সকাল থেকেই মিছিল আসতে থাকে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে। এরপর, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সারা দেশ থেকে আসা নেতাকর্মীরা সম্মেলন স্থলে জড়ো হতে থাকেন। ধীরে ধীরে সমাবেশস্থল পরিণত হয় জনসমুদ্রে।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। পোস্টার, ব্যানার, ফেস্টুন, তোরণ, আলোকসজ্জায় ঝলমল করছে পুরো সোহরাওয়ার্দী উদ্যান। দু’দিন ব্যাপী চলবে আওয়ামী লীগের এ জাতীয় সম্মেলন।



