বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা : ডব্লিউএইচও

দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে থাকা করোনাভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
জেনেভায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন, জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটির প্রধান টেড্রোস অ্যাডানোম গ্রেবিয়াসিস। এসময় তিনি বলেন, এই ঘোষণার মাধ্যমে দুর্বল স্বাস্থ্য সেবার দেশগুলোকে সুরক্ষা দেওয়া এবং তাদের জন্য প্রস্তুতি নেওয়া হবে।
চীনে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এক সপ্তাহ আগে বিশ্বজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করতে অস্বীকৃতি জানায় ডব্লিউএইচও। সংস্থাটির কর্মকর্তারা এখন বলছেন, চীনে হাজার হাজার মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে এবং যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে মানুষের শরীর থেকে অন্যের আক্রান্ত হওয়ার স্পষ্ট নজির দেখা গেছে।
এছাড়াও সংস্থাটির অনুসন্ধানে দেখা গেছে, এই ভাইরাস সংশ্লিষ্ট কারণে মারা যাওয়া প্রতি আট জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে ভাইরাসটির উৎপত্তিস্থল হুবেই প্রদেশের বাইরে। ফলে আগের সিদ্ধান্তটি পর্যালোচনার সিদ্ধান্ত নেয় সংস্থাটির বিশেষজ্ঞ কমিটি।



