
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসের চূলার পাইপ লাইন বিস্ফোরণে নারী ও এক শিশুসহ ১১জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। অপর ৬জনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ভোরে সদর উপজেলার ফতুল্লা থানার তল্লা এলাকায় মডেল গার্মেন্টসের দক্ষিণ পাশে মফিজুল ইসলামের বাড়ির ৩য় তলায় ভাড়াটের ফ্ল্যাট বাসায় এই দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোসহ দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান,ওই বাড়ির তৃতীয় তলায় বেশ কয়েকটি পরিবার বসবাস করেন।
রাতে একটি পরিবারের লোকজন চূলার বার্ণার বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন। এতে চূলা থেকে গ্যাস বের হয়ে রান্নাঘরসহ অন্যান্য ঘরে ছড়িয়ে জমাট বেঁধে থাকে। ভোরে রান্নার জন্য চূলায় আগুন জ্বালালে গ্যাসের পাইপ লাইনের বিস্ফোরণ ঘটে।
বাংলাটিভি/শহীদ



