বাংলাদেশজনদুর্ভোগসরকারস্বাস্থ্য

ডেঙ্গু সচেতনতায় সামাজিক আন্দোলন গড়তে হবে : মেয়র আতিক

সুস্থতার জন্য চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করে জনসচেতনতার মাধ্যমেই এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র মো. আতিকুল ইসলাম।

শনিবার গুলশানের নগর ভবনে সাংবাদিকদের সামনে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে ‘দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটির গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করে তিনি একথা বলেন।

মেয়র বলেন, সুস্থ পরিবেশের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণে চলমান সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। সকলকেই লজ্জা পরিহার করে প্রতি শনিবার সকাল দশটায় ১০ মিনিট স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার করতে হবে।

নিজেদের বাসাবাড়িতে ফুলের টব, অব্যবহৃত টায়ার, ডাবের খোসা, চিপসের খোলা প্যাকেট, বিভিন্ন ধরনের খোলা পাত্র, ছাদ কিংবা অন্য কোথাও যাতে তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। অব্যবহৃত এই জিনিসগুলো যত্রতত্র না ফেলে নিকটস্থ ওয়ার্ড কাউন্সিলর কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে জমা দিলে জমাদানকারীকে পুরষ্কার দেয়া হবে বলে ঘোষণা দেন।

সবার ঢাকা মোবাইল অ্যাপস ব্যবহার করে এডিস মশার উৎপত্তিস্থল সম্পর্কে সবচেয়ে বেশী তথ্যবহুল ছবি সরবরাহকারীকেও পুরস্কৃত করা হবে।

তিনি বলেন, ওয়ার্ড কাউন্সিলর কিংবা আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার অফিসে জমা দেয়া প্রতিটি অব্যবহৃত কমোড ও টায়ার এর জন্য ৫০ টাকা এবং প্রতিটি ডাবের খোসা, রংয়ের কৌটা ও চিপসের প্যাকেটের জন্য ৫ টাকা হারে আর্থিক পুরষ্কার প্রদান করা হবে।

মেয়র বলেন, নগরবাসীর কল্যাণে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬টি নগর সাস্থকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু রোগের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

এরপর আতিকুল ইসলাম রাজধানীর বনানী বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় এবং কালাচাঁদপুর হাই স্কুল এন্ড কলেজসহ বেশ কয়েকটি কভিড-১৯ টিকাদান কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের নির্ধারিত ৫৪টি কেন্দ্রেই বিনামূল্যে কভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে যা আগামী ১২ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকবে। করোনা মহামারী থেকে রক্ষা পেতে প্রাপ্তবয়স্ক সকলকেই সুশৃঙ্খলভাবে কভিড-১৯ এর টিকা গ্রহণ করতে হবে।

বাংলাটিভি/এস

সংশ্লিষ্ট খবর

Back to top button