
১৫ আগস্ট ঘিরে নাশকতার আশঙ্কা রয়েছে উল্লেখ করে এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম। সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বারের নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি একথা জানান। এছাড়া, তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশীর আফগানিস্তান যাওয়ার বিষয়টি সরকারের নজরদারিতে রয়েছে বলে জানান মহানগর পুলিশের এই উর্ধ্বতন কর্মকর্তা।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নিরাপত্তা প্রস্তুতি পযবেক্ষণে সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শনে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম।
এ সময় জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কথা বলেন ডিএমপি কমিশনার ।
১৫ আগস্টের নিরাপত্তায় ধানমন্ডি ৩২ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসা প্রত্যেককে হ্যান্ড মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করে আর্চওয়ের ভেতর দিয়ে প্রবেশ করতে হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তল্লাশি, ব্লক রেইড, চেকপোস্টের কার্যক্রম অব্যাহত থাকবে। ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে
১৫ আগস্টকে কেন্দ্র করে দেশে জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে না দিয়ে ডিএমপি কমিশনার বলেন, জঙ্গীদের সব ধরনের অপতৎপরতা রুখে দিতে তারা প্রস্তুত। আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়েছে এমন খবরের সত্যতা নিশ্চিত করে এ ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
সম্প্রতি আফগানিস্তানের যুদ্ধে যাওয়ার জন্য একটি আহ্বান জানানো হয়েছে তালেবানের পক্ষ থেকে। বাংলাদেশের কিছু মানুষ অলরেডি তালেবানের সঙ্গে যুদ্ধে যোগ দেওয়ার জন্য হিজরত করেছে। আমরা ধারণা করছি, কিছু মানুষ ভারতে ধরা পড়েছে, আর কিছু মানুষ পায়ে হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে। যখনই সন্দেহজনক কোনও কিছু পাওয়া যায়, তখনই আমাদের অবহিত করে।। সরকারের সবাই তৎপর রয়েছে।
এ সময় জাতীয় শোক দিবসের অনুষ্ঠান সফল করতে সবাইকে পুলিশের নির্দেশিকা মেনে চলার আহবান জানান ডিএমপি কমিশনার।
বাংলাটিভি/এস



