
বরিশালে বুধবারের সংঘাতের ঘটনায়, এবার ইউএনওসহ অজ্ঞাত অন্তত ৫০ জনকে আসামী করে আদালতে মামলার আবেদন করেছে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র এবং রাজস্ব কর্মকর্তা। আর, প্রশাসনের করা মামলায় গ্রেপ্তার ২১ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। এদিকে, নগর কর্তৃপক্ষের নির্দেশে ময়লা-আবর্জনা অপসারণ শুরু করেছে পরিচ্ছন্নতা কর্মীরা।
বুধবার বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার প্রেক্ষিতে, পুলিশের সঙ্গে নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় এবার ইউএনও-পুলিশ-আনসার সদস্যসহ অজ্ঞাত অন্তত ৫০ জনের নামে আদালতে দুটি মামলার আবেদন করা হয়েছে। সকালে, বরিশাল অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন বরিশাল সিটির প্যানেল মেয়র-২ এ্যাড. রফিকুল ইসলাম খোকন ও সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার।
অপরদিকে, ইউএনও’র বাসা ও পুলিশের উপর হামলার ঘটনায় প্রশাসনের দায়ের করা দুই মামলায় গ্রেপ্তার ২১ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। দুপুরে, বরিশাল মহানগর হাকিম আদালতের বিচারক মাসুম বিল্লাহ আসামীদের জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, নাগরিক দুর্ভোগ নিরসনে, অবশেষে দুইদিন পর কর্তৃপক্ষের নির্দেশে ময়লা-আবর্জনা পরিস্কার করা শুরু করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের কর্মীরা। গতরাত থেকেই কাজ শুরুর পর, নগরবাসীর মাঝে স্বস্তি ফিরে আসে।
বাংলাটিভি/ এস



