নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ

নোয়াখালীতে ১৪৪ ধারা ভেঙে মিছিল বের করেছে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সমর্থকরা। এ সময় মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান করে পরে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (৬ সেপ্টেম্বর) দুপর ১২টার দিকে নোয়াখালী আওয়ামী লীগের জেলা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে, নোয়াখালী জেলা আওয়ামী লীগের তিনটি পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি আহ্বান করে। এর প্রেক্ষিতে নোয়াখালী পৌর এলাকায় সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন।
জেলা শহর মাইজদী, দত্তেরহাট, সোনাপুরসহ পৌর এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল-র্যালি-শোভাযাত্রা এবং রাজনৈতিক প্রচার নিষিদ্ধ করে জেলা প্রশাসনস।
সোমবার সকালে জেলা শহর ঘুরে দেখা যায়, জেলা আওয়ামী লীগ কার্যালয়, টাউন হল মোড় ও পৌরসভা ভবন সম্মুখে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি র্যাবের টহল রয়েছে।
এর আগে রোববার টাউন হল মোড়সহ শহরের বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়ায় জড়িয়ে পড়েন আ.লীগের তিন পক্ষের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৯ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
বাংলাটিভি/ সাকিব



