তালেবানের স্বরাষ্ট্রমন্ত্রীর মাথার দাম ৫০ লাখ ডলার

কাবুল দখলের তিন সপ্তাহ পর মঙ্গলবার তালেবান নতুন সরকার গঠন করেছে। সংগঠনটির ধর্মীয় নেতা মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ কে প্রধান করে নতুন সরকার গঠন করেছে তালেবান। তার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা আবদুল গনি বারাদার। ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজউদ্দিন হাক্কানি।
এদিকে আফগানিস্তানে ক্ষমতার দখল নেওয়া তালেবানের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজউদ্দিন হাক্কানির মাথার দাম ৫০ লাখ ডলার ধরা আছে যুক্তরাষ্ট্রে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন লিখেছে, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী সংগঠনের তালিকায় থাকা হাক্কানি নেটওয়ার্কের সঙ্গে আল কায়দার যোগসাজশ রয়েছে।
সংগঠনটির বর্তমান প্রধান সিরাজউদ্দিন হাক্কানির নাম এফবিআইর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় মঙ্গলবারও দেখা গেছে।
তাতে বলা হয়েছে, ২০০৮ সালে কাবুলে হোটেলে বোমা হামলা চালিয়ে ছয়জন আমেরিকানকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে।
এছাড়া ২০০৮ সালে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে।
হাক্কানিকে ধরিয়ে দিলে কিংবা তাকে গ্রেপ্তারে তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার মিলবে বলে এফবিআইর ওয়েবসাইটে ঘোষণা দেওয়া আছে। সোভিয়েতবিরোধী লড়াইয়ের ‘মুজাহিদ’ নেতা জালালুদ্দিন হাক্কানীর ছেলে হলেন সিরাজউদ্দিন হাক্কানি। তিনি এখন হাক্কানি নেটওয়ার্কের প্রধান, আবার তালেবানের উপপ্রধান।
বাংলাটিভি/ সাকিব



