
বাংলাদেশে আসা বিদেশি এবং প্রবাসী বাংলাদেশিদের টার্গেট করা হয় বিমানবন্দরে নামার পরপর। গাড়ির জন্য অপেক্ষায় থাকা প্রবাসীদের সহযোগিতার নামে গাড়িতে তুলে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। আবার কখনো প্রথমে সখ্যতা গড়ে তোলা হয়, পরে চেতনানাশক দ্রব্য খাইয়ে অজ্ঞান করে ঢাকার বাইরে ফেলে দেয়া হয়। লুট করা হয় সঙ্গে থাকা সব মালামাল।
রোববার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।
রাজধানীর বিমানবন্দর এলাকায় সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় ডিএমপির গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেফতার করা হয় চক্রের তিন সদস্যকে।গ্রেফতারকৃতরা হলেন,মো. মাসুদুল হক আপেল, আমির হোসেন হাওলাদার ও মো. শামীম।
শনিবার রাত সাড়ে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি পাসপোর্ট, দুটি এনআইডি কার্ড, দুটি এটিএম কার্ড, একটি আইপ্যাড, একটি ওয়ার্ক পারমিট কার্ড, একটি বিএমইটি কার্ড, একটি অফিস আইডি কার্ড, একটি স্টিলের চাকু ও নগদ ৫৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
বাংলাটিভি/শহীদ



