Uncategorized

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ

চা-শ্রমিকদের দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে ১৭০ টাকা। মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের টানা আন্দোলনের মুখে, বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর এই সিদ্ধান্ত হলো। এসময় চা শ্রমিকদের কাজে যোগদান করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে এ বিষয়ে বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব আহমদ কায়কাউস। তিনি বলেন, নতুন মজুরির আনুপাতিক হারে শ্রমিকরা অন্যান্য ভাতা পাবেন।

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে, গত ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা-বাগানের দেড় লাখেরও বেশি শ্রমিক। টানা কর্মবিরতি পালন করেন তারা। পরবর্তীতে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১৪৫ টাকার করায় শ্রমিক ইউনিয়নের নেতারা কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিলেও, তাদের সিদ্ধান্ত উপেক্ষা করে ধর্মঘট চালিয়ে যান সাধারণ শ্রমিকরা।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা-বাগান মালিকদেরকে আলোচনার জন্য ডাকেন। শনিবার বিকেলে গণভবনে যায় বাংলাদেশ টি আসোসিয়েশনের নেতারা।

এসময় দেশের বৃহৎ ১৩টি চা-বাগান মালিক উপস্থিত ছিলেন। সবদিক বিবেচনায় নিয়ে শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। সেইসঙ্গে, চা শ্রমিকরা অন্যান্য যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন সেগুলোও আনুপাতিক হারে বাড়ানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।বৈঠক শেষে চা-শ্রমিকদের মজুরির বিস্তারিত তুলে ধরেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button