বান্দরবানে ব্যাংক লুটের ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, কড়া অভিযানের বার্তা

বান্দরবানে ব্যাংক লুটের ঘটনাস্থল পরিদর্শন করে সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, কেএনএফ সন্ত্রাসীদের নির্মূলে সরকার বদ্ধপরিকর।
শনিবার সকালে বান্দরবানের রুমায় যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে তিনি কেএনএফ’এর সন্ত্রাসীদের লুট করা সোনালী ব্যাংক শাখা পরিদর্শন করেন। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের কাছে ঘটনার বিবরণ শোনেন মন্ত্রী।
এসময় সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীরা অর্থ সংগ্রহের জন্য এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্যাংক লুটকারীদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেয়া হবে। পরে, বান্দরবান সার্কিট হাউসে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিকে, চট্টগ্রাম নগরীর দেয়ানজি পুকুরলেনের ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, পার্শ্ববর্তী দেশে সন্ত্রাসীদের অস্ত্র পেয়েছে কেএনএফ। তাদেরকে নির্মূলে সরকার বদ্ধপরিকর।
এদিকে, সচিবালয়ে ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, পাহাড়ে অভিযান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে।
বাংলা টিভি / বুলবুল



