ফরিদপুরে বাস, পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে ১১ জন ঘটনাস্থলে এবং দুইজন হাসপাতালে মারা যান। গুরুতর আহত হন ৫ জন। এর মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। মঙ্গলবার সকালে ফরিদপুর সদরের কানাইপুর ইউনিয়নের দিগনগর তেঁতুলতলা এলাকায়, ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে যাওয়া মাগুরাগামী ইউনিক পরিবহনের সাথে,ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি যাত্রীবাহী পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নারীসহ ১১জনের মৃত্যু হয়।হাসপাতালে নেয়ার পর মারা যান আরও দুইজন। ধারনা করা হচ্ছে,পিক-আপ ভাড়া করে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন তারা।
নিহতদের মধ্যে ৭ জন নারী,৩জন পুরুষ ও ৪ জন শিশু রয়েছে বলে জানিয়েছে,হাইওয়ে পুলিশ। নিহতরা সবাই পিকআপ ভ্যানের যাত্রী বলে জানা গেছে।আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লক্ষ টাকা এবং আহতদের ৩ লক্ষ টাকা করে দেয়ার ঘোষনা দেয়া হয়েছে। ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে,ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ২৫ যাত্রী। মঙ্গলবার সকালে তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাংলা টিভি / বুলবুল



