ইরানে ইসরাইলের ‘ক্ষেপণাস্ত্র হামলা’: ৩টি ড্রোন ধ্বংস

শুক্রবার (১৯ এপ্রিল) ভোরে ইসরায়েল ইরানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে।
টেলিভিশন এবং রেডিও নেটওয়ার্ক এবিসি, এনবিসি এবং এনপিয়ার ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানায় নি। ভিওএ যোগাযোগ করলে ইসরায়েলি সামরিক বাহিনীর একজন মুখপাত্র কোনও মন্তব্য করতে রাজি হয় নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, ইসলামি প্রজাতন্ত্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কয়েকটি প্রদেশে সক্রিয় হয়েছে।
আইআরএনএ এবং ইরানের ইসলামি রেভিউলশনারি গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত সংবাদ সংস্থা ফার্স বেনামি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মধ্য ইরানের প্রদেশ ইসফাহানে একটি বিস্ফোরণ হয়েছে।
ফার্স-এর তথ্য অনুযায়ী, বিস্ফোরণটি ইসফাহান শহরের পূর্ব প্রান্তে কাহজাভেরেস্তান শহরে হয়েছে।
ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কয়েকটি মিনি ড্রোনকে প্রতিহত করতে সেখানে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়। এর ফলেই দেশের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড শব্দ শোনা গেছে।
দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ‘নির্ভরযোগ্য সূত্রের’ কথা উল্লেখ করে দাবি করেছে সেখানকার পারমাণবিক স্থাপনাগুলো ‘পুরোপুরি নিরাপদেই’ আছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি ‘নির্ভরযোগ্য’ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, কয়েকটি মিনি ড্রোনকে প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়। এর ফলেই দেশের কয়েকটি অঞ্চলে প্রচণ্ড শব্দ শোনা গেছে।
ইরানের রাষ্ট্রীয় টিভির বরাতে বিবিসি আরও জানিয়েছে, ইসফাহান শহরের আকাশে তিনটি ড্রোন পর্যবেক্ষণ করা হয়েছিল। আর রয়টার্সের বলছে, দেশের বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় হওয়ার পর ওই তিনটি ড্রোন ধ্বংস করা হয়। পরে ড্রোন ধ্বংস করার একটি ভিডিও প্রকাশ করে বিবিসি। ভিডিওটি স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে পাওয়া বলে উল্লেখ করেছে বিবিসি।
এদিকে সাময়িকভাবে ইরানের আকাশে বিমান চলাচল বন্ধ হওয়ার পর তেহরানের প্রধান বিমানবন্দর পুনরায় ফ্লাইট চালু করেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানের ইমাম খামেনেয়ি আন্তর্জাতিক বিমানবন্দরে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। এর আগে কেন্দ্রীয় প্রদেশ ইসফাহানে বিস্ফোরণের পর ইরানের বেশিরভাগ অংশে ফ্লাইট স্থগিত করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



