দুবাইয়ে বন্যা , বিমানবন্দর আংশিক খোলা

ভয়াবহ বন্যায় স্তব্ধ হয়ে গেছিল আরব আমিরাতের দুবাই শহর। বন্ধ করে দেওয়া হয়েছিল বিমানবন্দর। শুক্রবার তা আংশিকভাবে খোলা হয়েছে।
এর আগে এমন ঘটনা ঘটেছে কি না, মনে করতে পারছে না দুবাই। আচমকাই মরুশহরে শুরু হয় বৃষ্টি। সমুদ্রের জল ঢুকে পড়ে শহরের ভিতর। ভেসে যায় গাড়ি। রাস্তাঘাট জল থইথই। কার্যত স্তব্ধ হয়ে যায় দুবাই। বন্ধ করে দিতে হয় বিমানবন্দর। বৃহস্পতিবারও পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা আছে।
শুক্রবার সকালেও প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনো বহু রাস্তা বন্ধ। কোনো কোনো রাস্তা আংশিকভাবে খোলা হয়েছে। দুবাই থেকে রাজধানী আবু ধাবি যাওয়ার রাস্তাও আংশিকভাবে খোলা হয়েছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, মঙ্গল এবং বুধবার মিলিয়ে প্রায় এক হাজার ৪৪টি বিমান বাতিল করা হয়েছে। ৪১টি বিমান ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে বিমানগুলি নেমেছে তার পাইলটেরা জানিয়েছেন, রানওয়ের উপরেও জল ছিল। বৃহস্পতিবার বিমানবন্দর ৬০ থেকে ৭০ শতাংশ খোলার চেষ্টা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে বিমানবন্দর পুরোপুরি খোলা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন কর্তৃপক্ষ।
আন্তর্জাতিক ডেস্ক। বাংলা টিভি



