অজিদের হারিয়ে জ্বালা মেটালেন রশিদরা

প্যাট কামিন্সের টানা দ্বিতীয় হ্যাটট্রিকে আফগানিস্তানকে ১৪৮ রানে আটকে দিয়েছিল অস্ট্রেলিয়া। তবে এই আফগানিস্তান ঘুরে দাঁড়াবার গল্প লেখায় যে ওস্তাদ, তা আবার প্রমাণ করলো। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানরা পেয়েছে ২১ রানের ঐতিহাসিক জয়।
২০২২ বিশ্বকাপে ৪ রানের হার, দ্বিপাক্ষিক সিরিজ না খেলা, ওয়াানডে বিশ্বকাপে হেরে যাওয়ার মতো জ্বালাগুলো এ জয়ে মেটানোর পাশাপাশি সুপার এইটে গ্রুপ ‘১’ এর সমীকরণও জটিল করে তুলেছেন রশিদরা। সেমিফাইনালও উঁকি দিচ্ছে তাদের সামনে।
ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও আফগানদের বিপক্ষে জ্বলে উঠেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। ৪১ বলে ৫৯ রানের ইনিংসে টেনে নিয়ে যাচ্ছিলেন অস্ট্রেলিয়াকে। এবার তাকে নায়ক হতে দেননি গুলবাদিন নাইব। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার মুকুট তুলেছেন মাথায়।
ম্যাক্সওয়েলকেও ফেরান নাইব। ১০৬ রানে ম্যাক্সওয়েল বিদায় নেওয়ার পর হুড়মুড়িয়ে পড়ে অজি লাইনআপ। ৭ রানে হারায় ৪ উইকেট। শেষ পর্যন্ত ৪ বল বাকি থাকতে ১২৭ রানে অলআউট হতে হয়। ফজলহক ফারুকি উইকেট না পেলেও নাভিন উল হক শিকার করেন ৩ উইকেট।
কয়েক ম্যাচ নিষ্প্রভ থাকার পর আবার স্বরূপে ফেরেন গুরবাজ-জাদরান জুটি। ১১৮ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন। রহমানউল্লাহ গুরবাজ ৪৯ বলে ৬০ ও ইব্রাহিম জাদরান ৪৮ বলে ৫১ রান করেন। কামিন্সের হ্যাটট্রিকের পর জাম্পাও ২ উইকেট নেন।



