স্কটল্যান্ডে বাংলাদেশের কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন ড. ওয়ালী তছর উদ্দিন

স্কটল্যান্ডে বাংলাদেশের নবনিযুক্ত অনারারি কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই ডিবিএ, ডি. লিট। তিনি ১৯৬৩ সালের ভিয়েনা কনভেনশন অন কনস্যুলার রিলেশনস এবং বাংলাদেশ ও যুক্তরাজ্য সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ সরকারের সরকারী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন দায়িত্বে ড. উদ্দিন স্কটল্যান্ডে বসবাসরত ও ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের সহায়তা প্রদান, তাদের অধিকার সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিতকরণে কাজ করবেন। পাশাপাশি বাংলাদেশ ও স্কটল্যান্ডের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনসহ গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ভূমিকা রাখবেন।
তিনি সরকারি প্রতিষ্ঠান, ব্যবসায়িক মহল এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। একই সঙ্গে কমিউনিটি সম্পৃক্ততা, পাবলিক কূটনীতি এবং বিভিন্ন আনুষ্ঠানিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবেন।
ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই ১৯৫২ সালে মৌলভীবাজার জেলার নালিহুরী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং পরবর্তীতে সফল উদ্যোক্তা হিসেবে ব্রিটেন, ইউরোপ ও বাংলাদেশে বিশেষ খ্যাতি অর্জন করেন। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় তিনি প্রতিষ্ঠা করেন একাধিক পুরস্কারপ্রাপ্ত রেস্টুরেন্ট—বারান্দা, ল্যান্সার এবং ব্রিটানিয়া স্পাইস—যা স্থানীয়দের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
তার অভিজ্ঞতা, নেতৃত্ব ও নিষ্ঠা স্কটল্যান্ডে বাংলাদেশের জাতীয় স্বার্থ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
এমআর



