নিজেকে বদলালেই বদলে যাবে দেশ : চট্টগ্রামের ডিসি

রোভার স্কাউটদের দেশপ্রেমী, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
সোমবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত ‘মিট দ্য রোভারস’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট–২০২৫ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটস। এ সময় রোভার স্কাউটদের সুপরিকল্পিত, সুশৃঙ্খল এবং গোছানো আয়োজন দেখে মুগ্ধ হন জেলা প্রশাসক। একই সঙ্গে আয়োজকদের প্রশংসা করেন।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, নিজেদের পরিবর্তনের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্র বদলানো সম্ভব। তিনি আরো বলেন, কেবল ব্যক্তিগত সফলতা নয়, সমাজ ও রাষ্ট্রের জন্য কী দেওয়া গেলো, সেটিই প্রকৃত সার্থকতা। “রাষ্ট্র আমাকে কী দিয়েছে – এই ধারণা থেকে বেরিয়ে এসে রাষ্ট্রকে আমি কী দিতে পেরেছি, সেটাই আমাদের মূল ভাবনা হওয়া উচিত” যোগ করেন তিনি।
এ সময় নিজেদের পরিবর্তনের ওপর গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম ছাড়া জীবন কখনো সার্থক হয় না। রাষ্ট্র পরিবর্তনের দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের ওপরই ন্যস্ত। তরুণদের হাত ধরেই একদিন দেশ বদলে যাবে বলে উল্লেখ করেন।

এছাড়া আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। নির্বাচনকে উৎসবমুখর করতে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোভার স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ, প্রোগ্রাম চিফ এস এম হাবীব উল্লাহ হিরু এবং চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর মো. ফজলুল কাদের চৌধুরী।
রোভার স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক ফারুক আহাম্মদ বলেন, জেলা প্রশাসকের অনুপ্রেরণামূলক বক্তব্য তরুণদের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই রোভার মুট। এতে চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং পার্শ্ববর্তী জেলার রোভার ইউনিটসমূহ অংশগ্রহণ করছে। তাবুতে অবস্থান করে নিজেরা রান্না করা খাবার গ্রহণের পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণমূলক ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন রোভার স্কাউটরা।
ওএফ



