Uncategorized

ঢাকায় হযরত আলী (আ.) এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

আমিরুল মু’মিনিন হযরত আলী (আ .)-এর স্মরণে রাজধানী ঢাকার বিএমএ মিলনায়তনে আজ বিকেলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ প্রতিনিধির দপ্তর, বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটি, আল-হাদি আন-নাজিব ফাউন্ডেশন এবং ইন্সটিটিউট অব হিউম্যান সাইন্স রিসার্সের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

‘বয়ানে ফাযায়েলে রজব ও জশনে মওলুদে কা’বা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড.আনিসুজ্জামান এবং ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীর মোহাম্মাদী।

 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব ও আরেফীন দরবার সাঁতাকূল দায়েরা শরীফের পীর সাহেব মাওলানা ড. সৈয়দ এমদাদ উদ্দনি নিজামপুরী, মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল ড.মোহাম্মাদ নজরুল ইসলাম আল-মারুফ, বাংলাদেশ ইমামিয়া উলামা সোসাইটির সহ-সভাপতি হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ আফতাব হোসাইন নাকাভী, ইন্সটিটিউট অব হিউম্যান সাইন্স রিসার্সের পরিচালক ড. এ কে এম আনোয়ারুল কবীর, সোসাইটির সেক্রেটারি জেনারেল ড. এম আব্দুল কুদ্দুস বাদশা এবং আলী ইবনে আবি তালিব ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ আলী মূর্তজা।

 

আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকাস্থ রাসূলে আকরাম (সা.) ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ড. মোহাম্মদ মাঈন উদ্দিন।

এসময় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসে জন্ম নেওয়া মহান মনীষীদের মধ্যে আমিরুল মু’মিনিন হযরত আলী (আ.) অন্যতম। তাঁর জ্ঞান, সাহস, ন্যায়পরায়ণতা ও মানবিক মূল্যবোধ ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। রাসূল (সা.) এর পর ধর্মীয়, সাংস্কৃতিক ও জ্ঞান-গবেষণার ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম।

বক্তারা আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জামাতা ও চাচাতো ভাই হযরত আলী (আ.) ছিলেন বীরত্ব, মহানুভবতা ও ন্যায়বিচারের প্রতীক। রাসূলে পাক (সা.) তাঁর সম্পর্কে বলেছেন, ‘মুসার সঙ্গে হারুনের যে সম্পর্ক ছিল, তোমার সঙ্গে আমারও সেই সম্পর্ক—তবে পার্থক্য হলো, হারুন নবী ছিলেন, তুমি নবী নও।’ নবী মুহাম্মদ (সাঃ) আরও উল্লেখ বলেন, ‘আমি জ্ঞানের নগরী, আর আলী তার দরজা’—এই হাদিসের মাধ্যমে হযরত আলী (আ.)-এর জ্ঞানের গভীরতা ও মর্যাদা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

 

অনুষ্ঠানে বক্তারা গুরুত্বারোপ করে বলেন, হযরত আলী (আ.)-এর বীরত্ব ও মহত্ত্ব শুধু মুসলিম মনীষীদের নয়, অমুসলিম পণ্ডিতদেরও গভীরভাবে প্রভাবিত করেছে। তাঁর জীবন ও আদর্শ মানবতার জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button