প্রতিহিংসা বর্জন করে জনকল্যাণের রাজনীতি করার আহ্বান জানালেন তারেক রহমান

যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করার আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এক্ষেত্রে মতপার্থক্য ভুলে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, হিংসা প্রতিশোধের পরিণতি কি হতে পারে, সেটা আমরা দেখেছি চব্বিশের ৫ আগস্ট। মতপার্থক্য যেন মতবিভেদে রূপ না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বক্তব্যের শুরুতেই তারেক রহমান দেশের মানুষের রাজনৈতিক অধিকার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে আর কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি দেখতে চান না। রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে আলাপ-আলোচনার মাধ্যমে বিভেদ দূর করে জাতীয় ঐক্য বজায় রাখাই সময়ের দাবি।
তারেক রহমান বলেন, অতীতে বিভেদের রাজনীতি জাতিকে ক্ষতিগ্রস্ত করেছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই রাজনৈতিক কর্মীদের প্রধান দায়িত্ব হওয়া উচিত।
তিনি আরও বলেন, দেশের সমস্যা ছিল, এখনও আছে, তবে ৫ আগস্টের আগের অবস্থায় আর ফিরে যেতে চান না। আগামী ২২ জানুয়ারি থেকে দলের নির্বাচনী পরিকল্পনা ও ইশতেহার নিয়ে জনগণের কাছে যাওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে তারেক রহমান দেশের প্রায় ৪ কোটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি জানান, এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের গৃহিণী ৫ থেকে ৭ বছর আর্থিক বা খাদ্য সহায়তা পাবেন। তার মতে, নারীদের হাতে অর্থ গেলে তা মূলত স্বাস্থ্য, শিক্ষা ও ক্ষুদ্র বিনিয়োগে ব্যয় হয়, যা পরিবার ও স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করে। এই সুবিধা সর্বজনীন হবে, যাতে দলীয় পরিচয় বা শ্রেণিভিত্তিক কোনো বৈষম্য না থাকে।
অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এমন সমালোচনা করুন, যাতে আমরা দেশের জনগণের সমস্যা সমাধান করতে পারি।



