Uncategorized

”স্বৈরাচারবিরোধী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে বিএনপি”

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলীয় নেতাকর্মীদের বাইরেও অনেক মানুষ স্বৈরাচারবিরোধী আন্দোলনে সোচ্চার ছিলেন। গুম, খুন ও নির্যাতনের শিকার ভুক্তভোগী পরিবারগুলোর পাশে বিএনপি সাধ্যমতো সহযোগিতা অব্যাহত রাখবে।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি কখনও কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত বেশ ধারণ করেনি। সকল শহীদের আত্মত্যাগ স্মরণে রাখতে দলের ব্যাপক পরিকল্পনা রয়েছে। তবে নির্বাচন সংক্রান্ত কারণে এসব পরিকল্পনা এখনই প্রকাশ করা সম্ভব নয়।

তারেক রহমান অভিযোগ করেন, নির্বাচন কমিশনে কিছু বিতর্কিত অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এ বিষয়ে দেশের মানুষকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি সরকার গঠন করতে পারলে শহীদ পরিবারগুলোর নামে গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনার নামকরণ করা হবে বলেও জানান তিনি। এর মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম শহীদদের আত্মত্যাগ স্মরণ করতে পারবে বলে মন্তব্য করেন বিএনপির এই নেতা।

তারেক রহমান আরও বলেন, কেউ কেউ ইচ্ছাকৃতভাবে এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে গণতন্ত্র উত্তরণের পথ বাধাগ্রস্ত হয়। এ বিষয়ে দেশের জনগণকে সচেতন থাকতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষ এখন গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। কিছু প্রতিকূল সময় অতিক্রম হয়েছে। দেশকে এগিয়ে নিতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হলে আগামীর বাংলাদেশে অবশ্যই একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button