Uncategorized

মালদ্বীপে নিখোঁজের দুই দিন পর বাংলাদেশির মরদেহ উদ্ধার

সোহেল রানা, মালদ্বীপ প্রতিনিধি:

মালদ্বীপে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক বাংলাদেশি যুবকের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। নিহতের নাম আমিন মিয়া (২৪)। তিনি রাজধানী মালের পার্শ্ববর্তী দ্বীপ থিলাফুশিতে অবস্থিত ওয়েস্ট ম্যানেজমেন্ট কর্পোরেশন (WAMCO)-এ কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার থিলাফুশি এলাকা থেকে নিখোঁজ হন আমিন মিয়া। দীর্ঘ সময় ধরে তার কোনো সন্ধান না পাওয়ায় সহকর্মী ও স্বজনরা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে বুধবার থিলাফুশি এলাকা থেকে মাটিচাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, যেদিন তিনি নিখোঁজ হন, সেদিনই তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ঘটনাটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে ঘটেছে—সে বিষয়ে এখনো নিশ্চিত করে কিছু জানায়নি পুলিশ। তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিহত আমিন মিয়া বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার বাহেরচর গ্রামের বাসিন্দা। তিনি মোঃ ইসমাইল মিয়ার মেজো ছেলে। নিহতের মামাতো ভাই মজনু মিয়া জানান, জীবিকার তাগিদে গত বছরের জুলাই মাসে ঋণ করে মালদ্বীপে পাড়ি জমান আমিন মিয়া।

এদিকে মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য পরিবারের পক্ষ থেকে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা কামনা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ও প্রকাশযোগ্য তথ্য গণমাধ্যমকে জানানো হবে।

ওএফ

সংশ্লিষ্ট খবর

Back to top button