
পাবনার ঈশ্বরদী উপজেলায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব অভিযান চালানো হয়। বুধবার দুপুরে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পসংলগ্ন ওয়াসা প্রজেক্টের গেস্ট হাউজের পাশের একটি টিনশেড স্টোররুমে অভিযান চালানো হয়। সেখান থেকে শাহীন (২০) ও হযরত প্রামানিক (৪৭) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি সেমি-অটোমেটিক সেলফ লোডেড রাইফেল (এসএলআর) লোডেড ম্যাগাজিনসহ ৬৭ রাউন্ড তাজা কার্তুজ, একটি বিদেশি .২২ বোর রাইফেল ম্যাগাজিন ও কার্তুজসহ এবং একটি কাঠের বাটযুক্ত একনলা বন্দুক উদ্ধার করা হয়।
পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদীর মানিকনগর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মমিনুল ইসলাম খোকন (৩৩) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি পরিত্যক্ত পানির ট্যাংকির ভেতর থেকে একটি সচল ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড কার্তুজ, একটি সচল ৭.৬৫ এমএম পিস্তল, ১০ রাউন্ড কার্তুজ এবং ৩১ রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জানান, কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির পর অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেপ্তাররা ভাড়াটে সন্ত্রাসী হিসেবে কাজ করতেন। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান।



