শাকিবের ‘প্রিন্স’ ও সিয়ামের ‘রাক্ষস’ দিয়ে যাত্রা শুরু করছে নতুন ওটিটি ‘উৎসব’
শাকিবের 'প্রিন্স' ও সিয়ামের 'রাক্ষস' দিয়ে যাত্রা শুরু করছে নতুন ওটিটি 'উৎসব'

ডিজিটাল বিনোদনের জগতে বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য যুক্ত হচ্ছে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’।
‘স্ট্রিম দ্য সেলিব্রেশন’ স্লোগান নিয়ে আগামী ২১ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছে প্ল্যাটফর্মটি। বাংলা সিনেমা, সিরিজ ও ওয়েব কনটেন্টকে প্রাধান্য দিয়েই সাজানো হচ্ছে এর কনটেন্ট লাইব্রেরি।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রেক্ষাগৃহে মুক্তির পর নতুন বাংলা সিনেমাগুলো সবার আগে ওটিটিতে দেখানোর পরিকল্পনা রয়েছে ‘উৎসব’-এর। শুরুতেই নতুন-পুরোনো মিলিয়ে প্রায় শতাধিক সিনেমা ও বিভিন্ন ধরনের কনটেন্ট নিয়ে দর্শকদের সামনে হাজির হবে প্ল্যাটফর্মটি।
‘উৎসব’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান অভি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষার দর্শক সহজেই নতুন সিনেমা ও পছন্দের কনটেন্ট উপভোগ করতে পারবেন।’
তিনি আরও বলেন, দেশে সিনেমা হলের সংখ্যা কমে যাওয়ায় অনেক দর্শক নতুন সিনেমা দেখার সুযোগ পান না। একইভাবে বিদেশে থাকা বাংলা ভাষাভাষী দর্শকদের কাছেও অনেক সময় নতুন সিনেমা পৌঁছায় না। সেই জায়গা থেকেই ‘উৎসব’ নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের দাবি, সাম্প্রতিক সময়ে দেশ-বিদেশে বাংলা কনটেন্টের দর্শক বাড়লেও মানসম্মত ও নির্ভরযোগ্য একটি ডিজিটাল প্ল্যাটফর্মের অভাব ছিল। ‘উৎসব’ সেই শূন্যতা পূরণ করতে চায়। নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি-এর মাধ্যমে বিশ্বের যেকোনো জায়গা থেকে দর্শকরা নতুন সিনেমা, সিরিজ ও এক্সক্লুসিভ কনটেন্ট দেখতে পারবেন।
প্রথমদিকে ওয়েবসাইটের মাধ্যমে ‘উৎসব’-এর সেবা পাওয়া যাবে। পরে গুগল প্লে স্টোরে অ্যাপ চালুর পাশাপাশি আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি ও স্যামসাং স্মার্ট টিভিতেও প্ল্যাটফর্মটির সেবা চালুর পরিকল্পনা রয়েছে।



