বিএনপি নেতার বাড়িতে কাফনের কাপড়-আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকি

বাংলা টিভি ডেস্ক: মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বিএনপির এক নেতার বাড়ি থেকে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল এবং প্রাণনাশের হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
বুধবার সকালে পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ির প্রাচীরের ওপর এসব সামগ্রী দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা একটি পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি হুমকিমূলক চিরকুট বাড়ির দেয়ালের ওপর রেখে যায়। চিরকুটে লস্কর আলী ও তার ঘনিষ্ঠদের উদ্দেশ করে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
লস্কর আলী জানান, সকালে বিষয়টি নজরে আসার পর তিনি স্থানীয় পুলিশ ক্যাম্পে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে সামগ্রীগুলো জব্দ করে নিয়ে যায়।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়সহ অন্যান্য আলামত উদ্ধার করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে কাজ চলছে।



