সংবর্ধনার আয়োজক আ.লীগ নেতা, অতিথি বিএনপির এমপি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাহজাহানপুর উপজেলায় বিএনপির সংসদ সদস্য মোরশেদ মিলটন-কে সংবর্ধনা দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে অনুষ্ঠানের পেছনে সাবেক আওয়ামী লীগ নেতা আলী আতোয়ার তালুকদার ফজু-র সম্পৃক্ততার অভিযোগ নতুন করে কৌতূহলের জন্ম দিয়েছে।
মঙ্গলবার বিকেলে গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের আগে পুরো এলাকা ব্যানার, ফেস্টুন ও পোস্টারে সাজানো হয়। স্থানীয়দের দাবি, অনুষ্ঠান আয়োজনের পেছনে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে।
যদিও আয়োজকদের মধ্যে চেয়ারম্যান ফজুর নাম সামনে এলেও তিনি সরাসরি মঞ্চে উপস্থিত ছিলেন না। অভিযোগ রয়েছে, বিভিন্ন মহলের সমালোচনা ও চাপের কারণে তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করে দূর থেকে অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করেন।
স্থানীয়দের মতে, রাজনৈতিক পটপরিবর্তনের পর ফজু সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তবে বিএনপির নেতৃত্বাধীন নতুন রাজনৈতিক বাস্তবতায় নিজের অবস্থান সুসংহত করার প্রচেষ্টা হিসেবে এই সংবর্ধনা আয়োজনকে দেখছেন অনেকে।
এ বিষয়ে ফজুর বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে এমপি মোরশেদ মিলটনের ব্যক্তিগত সহকারী নিশ্চিত করেছেন যে তিনি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা চলছে। অনেকেই জানতে চাইছেন, সাবেক আওয়ামী লীগ নেতার এই উদ্যোগ কেবল সৌজন্য প্রদর্শন, নাকি এর পেছনে বৃহত্তর কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।



